সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের কর্মকর্তা ও কর্মচারীদের ৬৬ জন মেধাবী সন্তানকে সম্মাননা দিয়েছে। ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ও-লেভেল পরীক্ষায় সর্বনিম্ন ৬টি বিষয়ে ‘এ’ গ্রেড পেয়ে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তারা।
এই কৃতিত্বপূর্ণ সাফল্য উদযাপন উপলক্ষে ব্যাংকের পক্ষ থেকে এক বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। এই সম্মাননা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জনকেই স্বীকৃতি দেয়নি, ব্যাংকে কর্মরত তাদের বাবা কিংবা মা এবং তাদের পরিবারের অবদানকেও যথাযথভাবে সম্মান জানিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এম. এ. কাশেম বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তিনি বলেন, স্বপ্ন দেখার এবং সাফল্য অর্জনের কোনো নির্দিষ্ট সীমা নেই। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়কে সঙ্গী করে এগিয়ে গেলে জীবনের যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। আজকের এই অর্জন যেন তাদের ভবিষ্যতের আরও বড় সাফল্যের সোপান হয়ে ওঠে। তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক সব সময় মেধা, প্রতিভা ও সাফল্যের স্বীকৃতি দিতে গর্ববোধ করে এবং আগামীতেও তরুণ প্রজন্মের সম্ভাবনাকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্মাননা অনুষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্মীদের ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিফলন, যা শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি ব্যাংকটির দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে পুনরায় দৃঢ়ভাবে ব্যক্ত করে।


















