দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লি পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রোববার তিনি দিল্লি পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২২ ও ২৩ নভেম্বর এই সফর করছেন তিনি।
গত মার্চে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এবার তিনি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে নেপাল এয়ারলাইনসের বিমানে দিল্লি যান।
৩৪ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকার, অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে ও পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সঙ্গে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও ভারত সফর করছে।
সফরে নেপালের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সোমবার মোদির সঙ্গে প্রতিনিধিদল পর্যায়ে বৈঠকে বসবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ সম্প্রসারণ, বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি ও বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জ্বালানি সহযোগিতার কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়েও আলোচনা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহাকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে কয়েকটি সমঝোতা স্মারকও সই হওয়ার কথা রয়েছে।

এছাড়া শাহ নেপাল-ভারত ব্যবসায়িক ফোরামে বক্তব্য দেবেন এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। জ্বালানি সহযোগিতা ও আন্তঃসীমান্ত যোগাযোগ দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে। নেপাল উদ্বৃত্ত জলবিদ্যুৎ ভারতে রপ্তানি করছে এবং ভারতের বিদ্যুৎ বাজারে আরও সুযোগ খুঁজছে।
দুই দেশের মধ্যে খোলা সীমান্ত এবং গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ভারত নেপালের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পথ।
গত বছরের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনে কেপি শর্মা ওলির সরকারের পতনের প্রায় ছয় মাস পর মার্চে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা শাহের নেতৃত্বে সরকার গঠিত হয়। নবনির্বাচিত নেপালি প্রধানমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে ভারতকে বেছে নেওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে। ২০২৪ সালে ওলি এই রীতি ভেঙে প্রথম সফরে চীন গিয়েছিলেন।
এদিকে নেপালের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস শনিবার এক বিবৃতিতে সফরটি যেন দেশের স্বার্থকে কেন্দ্রে রেখে হয়, সেই আহ্বান জানিয়েছে। দলটি অতীতের অঙ্গীকার বাস্তবায়ন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরির ওপর জোর দিয়েছে। সোমবার নেপালে ফেরার কথা রয়েছে শাহের।


















