চীনের বাইরে প্রথমবারের মতো পেছনে ডিসপ্লেসহ ফোন আনল শাওমি। প্যারিসে বৈশ্বিক উন্মোচনের পর মঙ্গলবার মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে বাজারে এলো শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স।
সিরিজের সবচেয়ে আকর্ষণীয় দিক ক্যামেরা মডিউলের ভেতরে বসানো দ্বিতীয় ডিসপ্লে। ১৮ প্রো ম্যাক্সে এটি ২.৯ ইঞ্চির, আর ১৮ প্রোতে ২.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেল। পেছনের ক্যামেরায় সেলফি বা ভিডিও তোলার সময় এই ডিসপ্লেতেই নিজেকে দেখা যাবে, মিলবে ৮কে ভিডিওর লাইভ প্রিভিউ। এতে নোটিফিকেশন, বোর্ডিং পাস ও কিউআর কোড দেখা যাবে, আর ২৯ ভাষায় সরাসরি অনুবাদও করা যাবে।
ক্যামেরা ব্যবস্থায় লাইকার সঙ্গে যৌথভাবে তৈরি তিনটি লেন্স রয়েছে—২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৩.২ গুণ অপটিক্যাল জুমসহ ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ও ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড। ১৮ প্রো ম্যাক্স চলবে স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ চিপে, আর ১৮ প্রোতে থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬।
প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চি ও প্রোতে ৬.৪ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, সর্বোচ্চ উজ্জ্বলতা ৪ হাজার নিট। আন্তর্জাতিক সংস্করণে প্রো ম্যাক্সের ব্যাটারি ৭ হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ারের, সঙ্গে ১০০ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট তারবিহীন চার্জিং সমর্থন রয়েছে।
ইউরোপে ১৮ প্রোর দাম শুরু ১ হাজার ৩৯৯ ইউরো থেকে, আর প্রো ম্যাক্সের ১ হাজার ৫৯৯ ইউরো থেকে। মালয়েশিয়ায় ১৮ প্রো শুরু ৪ হাজার ৪৯৯ রিঙ্গিত থেকে, প্রো ম্যাক্স ৫ হাজার ৯৯৯ রিঙ্গিত থেকে। কালো, সাদা, কসমিক ব্লু ও ভেলভেট রেড—চারটি রঙে মিলবে ফোন দুটি। যুক্তরাষ্ট্রে এগুলো বিক্রি হবে না।


















