ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২:২৩ অপরাহ্ন

শ্রম অসন্তোষে বন্ধ বহু পোশাক কারখানা

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রম অসন্তোষের মধ্যে আজও সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরে প্রায় ৫০টি ও আশুলিয়ায় ২৮টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আশুলিয়ায় সকাল সাড়ে ১০টার দিকে জিরাবো পুকুরপাড় এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকালে ওই অঞ্চলের সাউদার্ন ও লুসাকাসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা একযোগে সড়কে বেরিয়ে আসেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানার সংখ্যা আজ ২৮টি। এ ছাড়া ৯টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এবং ১৩টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। তবে অন্যান্য সূত্রের দাবি, কর্মবিরতি পালন করা কারখানার সংখ্যা আরও বেশি।

এদিকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার কাঠগড়া বেল্টে অবস্থিত দুটি শিল্প গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে গাজীপুরে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকালে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি কারখানায় ছুটি দেওয়ার পর শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে তাঁদের সরিয়ে দেয়। তবে সকাল ১০টার দিকে শ্রমিকেরা পুনরায় মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় দুটি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পর শ্রমিকেরা আবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, চলমান শ্রমিক অসন্তোষের কারণে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বর্তমানে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই এবং জেলার বাকি সব কারখানায় যথারীতি উৎপাদন চলছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন