দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয় বলে বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় প্রবেশকারী সব ধরনের যানবাহনে কঠোর তল্লাশি চালানোরও নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
সর্বশেষ মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে শাহজালাল বিমানবন্দর এলাকার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপে চারজন আহত হন এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।
এই নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বুধবার বেবিচক ও পুলিশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ল্যান্ডসাইড, প্রবেশপথ ও সংলগ্ন ফ্লাইওভারগুলোতে নজরদারি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়াতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানান, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য না থাকলেও পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। রাতে ফ্লাইট চলাচল করে না এমন বিমানবন্দরগুলোতেও টহল ও নজরদারি বজায় রাখা হচ্ছে।
বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে রয়েছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, ল্যান্ডসাইড বা বাইরের এলাকা দেখছে পুলিশ এবং প্রবেশপথের দায়িত্বে নিয়োজিত আছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় পুলিশের চেকপোস্ট ও টহল বাড়ানো হচ্ছে।


















