ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২:১২ অপরাহ্ন

শিশু সুরক্ষায় নতুন টুল আনল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি শিশুদের যৌন নির্যাতনের ছবি শনাক্ত করতে নতুন টুল চালু করেছে ওপেনএআই। নতুন ছবি-শ্রেণিবিন্যাসকারী যাচাই করা সংস্থাগুলোকে বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।

টুলটি শুধু আগে থেকে চিহ্নিত ছবির সঙ্গে মিলিয়ে নয়, ছবির দৃশ্যমান বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সম্ভাব্য নির্যাতনের ছবি শনাক্ত করবে। ফলে এআই দিয়ে তৈরি নতুন বা পরিবর্তিত ছবিও ধরা পড়বে, যেগুলোর কোনো ডিজিটাল ছাপ আগে থেকে সংরক্ষিত নেই। প্রতিটি ছবিকে ঝুঁকির স্কোর দেওয়া হবে, যাতে পর্যালোচকরা অগ্রাধিকার ঠিক করতে পারেন। ওপেনএআইয়ের ভাষ্য, এআই দিয়ে তৈরি ছবি শনাক্তের আলাদা সংকেতসহ এ ধরনের টুল এটাই প্রথম ব্যাপকভাবে ব্যবহারযোগ্য শ্রেণিবিন্যাসকারী।

যুক্তরাষ্ট্রের শিশু সুরক্ষা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের সহযোগিতায় তৈরি হয়েছে টুলটি। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, আগের ব্যবস্থার সমান সংখ্যক নির্যাতনের ছবি শনাক্ত করেও পর্যালোচনার প্রয়োজন এমন ছবির সংখ্যা ৪৮ শতাংশ কমিয়ে আনতে পারে এটি। চিহ্নিত ছবিগুলোতে নির্যাতনের উপাদান থাকার সম্ভাবনাও আগের চেয়ে প্রায় দ্বিগুণ।

চ্যাটজিপিটিতেও নতুন ব্যবস্থা আসছে। শিশুদের যৌনতা নিয়ে কেউ কিছু খুঁজতে বা তৈরি করতে চাইলে সতর্কবার্তা দেখাবে চ্যাটজিপিটি, যেখানে এ ধরনের কাজের ক্ষতির কথা ব্যাখ্যা করা হবে। এমন আচরণ ধরা পড়লে সংশ্লিষ্ট কথোপকথন মুছে দেওয়া হবে এবং ব্যবহারকারীর অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য স্থগিত থাকবে। সতর্কবার্তায় ক্ষতিকর আচরণ থেকে বেরিয়ে আসতে সহায়তাকারী বিশেষজ্ঞ সেবার দিকেও নির্দেশনা দেওয়া হবে। বারবার এমন ঘটনা ঘটলে দীর্ঘ মেয়াদে নিষেধাজ্ঞা, অ্যাকাউন্ট বন্ধ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর কথাও জানিয়েছে ওপেনএআই।

ডেভেলপারদের জন্য নির্যাতনের ছবি প্রতিরোধ, শনাক্তকরণ ও প্রতিকারের নির্দেশিকাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। শিশু সুরক্ষা নিয়ে তদন্তকারী মার্কিন সংস্থাগুলোকে এআই টুল ও প্রশিক্ষণ দেওয়ার কথাও জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, অনলাইনে শিশু নির্যাতন মোকাবিলায় প্রযুক্তি প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা সংস্থা, ডেভেলপার ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জেনারেটিভ এআইয়ের অপব্যবহারে শিশু নির্যাতনের ছবি তৈরির আশঙ্কা বাড়ছে। শিশু সুরক্ষা সংস্থাটির তথ্য অনুযায়ী, তাদের অভিযোগ জানানোর প্ল্যাটফর্মে ২০২৫ সালে এআই-সংক্রান্ত প্রতিবেদন এসেছে চার লাখের বেশি, যা ২০২৪ সালের ৬৭ হাজারের তুলনায় অনেক বেশি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন