ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন

জাতীয়করণে প্রতিষ্ঠানের বয়স হতে হবে ২৫ বছর

বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হওয়ার নতুন শর্ত যুক্ত করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে গতকাল সোমবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। সভা সূত্রে জানা গেছে, খসড়া নীতিমালায় জাতীয়করণের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানা ও দখলে খেলার মাঠসহ অন্তত দুই একর শর্তমুক্ত ও নিষ্কণ্টক জমি থাকতে হবে।

নতুন খসড়ায় বলা হয়েছে, আগের পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে ভালো অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। গ্রন্থাগারের শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে—নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে ন্যূনতম তিন হাজার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ হাজার এবং কলেজের গ্রন্থাগারে ন্যূনতম ১০ হাজার বই থাকতে হবে।

এরপর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিনের উপস্থিতিতে আরেকটি সভায় নীতিমালাটি চূড়ান্ত করা হবে। সেখানে অনুমোদনের পর নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। জানা গেছে, ২০২৬ সালে সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ২১টি প্রতিষ্ঠান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন