ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল ‘সাঁকোটা দুলছে’

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য সেরা পরিচালনার ক্ষেত্রে বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে উৎসবটির ১৪তম আসর অনুষ্ঠিত হয়। ১৫ নভেম্বর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘সাঁকোটা দুলছে’।

গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা তুলে ধরা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক; সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে। চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। সাংহাইয়ে সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছিলেন সামিউল করিম সপ্তক। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পাশাপাশি ছবিটি ইতোমধ্যে তিনটি পুরস্কার অর্জন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন