তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন তারিখের কথা জানানো হয়। ওইদিন বেলা সাড়ে ১১টায় সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। সভার আলোচ্যসূচিতে মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিলের বিষয়টি রাখা হয়েছে। এছাড়া সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর ন্যূনতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।
গত সোমবার বেলা ১১টায় বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। সভা স্থগিত হওয়ার পর মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানায়।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের প্রস্তাব দিতে না পারায় চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা স্থগিত হওয়ায় এখন ২৩ নভেম্বর তা উপস্থাপন করা হবে। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল।



















