দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একদিকে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত, অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তান। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের প্রস্তুতি শেষ। ভারতের কোচ নওশাদ মুসা মনে করেন, শারীরিক শক্তিতে পাকিস্তান এগিয়ে থাকলেও গতি ও ক্ষিপ্রতায় এগিয়ে তার দল। অন্যদিকে পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর মতে, ফাইনালে দুই দলের সম্ভাবনাই সমান। মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে ফলাফল। এবারের আসরে ভারত খেলছে মূলত তরুণ ফুটবলারদের নিয়ে গড়া দল নিয়ে। তবে কোচ নওশাদ মুসা তাদের দ্বিতীয় সারির দল বলতে নারাজ। তার মতে, এই ফুটবলাররাই ভারতের ভবিষ্যৎ। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারালেও ফাইনালে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। পাকিস্তানের বড় শক্তি ইউরোপের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলাররা। গোলরক্ষক ইউসুফ বাট, অধিনায়ক আবদুল্লাহ ইকবাল, আদিল নবী ও আবদুল সামাদের মতো খেলোয়াড়েরা দলটির গুরুত্বপূর্ণ ভরসা। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে সামাদের গোলেই প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অবশ্য অনেক এগিয়ে ভারত। এখন পর্যন্ত দুই দলের ৩০ সাক্ষাতে ভারত জিতেছে ১৭ ম্যাচে, পাকিস্তান চারটিতে। বাকি নয়টি ম্যাচ ড্র হয়েছে। ফাইনালের আগে সতর্ক ভারতের কোচ নওশাদ মুসা। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে শেষ চার মিনিটে দুই গোল হজম করার অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, একটু অসতর্ক হলেই তারা সুযোগ নেবে। ফাইনালে এ ধরনের ভুল করার সুযোগ নেই। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই দলের অধিনায়কও। পাকিস্তানের আবদুল্লাহ ইকবাল দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন। অন্যদিকে ভারতের চিনগ্লেনসানা সিং বলেছেন, তার দলের সবাই শিরোপা জিততে মুখিয়ে আছেন। বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় স্বাগতিক দর্শকদের আগ্রহ কিছুটা কমলেও ভারত-পাকিস্তানের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ফাইনালে যোগ করেছে বাড়তি আকর্ষণ। এখন দেখার বিষয়, ভারত দশম শিরোপা জেতে, নাকি প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের মুকুট ওঠে পাকিস্তানের মাথায়।


















