ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন

প্রযুক্তিগত ত্রুটিতে ইউনাইটেডের শত শত ফ্লাইটে বিলম্ব

প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের শত শত ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হয়েছে। সোমবার বিকেলে সংস্থাটির ব্যবস্থায় এ ত্রুটি দেখা দেয়। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট পর সমস্যার সমাধান হয় বলে জানিয়েছে সংস্থাটি।

ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত ইউনাইটেডের প্রায় ৬০০ ফ্লাইট বিলম্বিত হয়। ত্রুটির কারণে উড্ডয়নের আগে উড়োজাহাজের চূড়ান্ত ওজনের তথ্য পাচ্ছিলেন না পাইলটরা। ক্রুদের যোগাযোগ ও বার্তা আদান-প্রদানের অ্যাপগুলোতেও সমস্যা দেখা দেয়। কোনো কোনো উড়োজাহাজ রানওয়েতে পৌঁছেও গেটে ফিরে আসে।

তবে আকাশে থাকা ফ্লাইট এবং সংস্থাটির আঞ্চলিক নেটওয়ার্ক ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটে এ ত্রুটির কোনো প্রভাব পড়েনি। যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনো ইঙ্গিত মেলেনি।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, এটি বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার কোনো সমস্যা নয়, ইউনাইটেডের নিজস্ব ব্যবস্থায় ত্রুটি হয়েছে। গত শুক্রবার যোগাযোগব্যবস্থায় বিপর্যয়ের কারণে সারাদেশে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবারের ঘটনার সঙ্গে ওই বিপর্যয়ের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন