দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। সোমবার থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ নভেম্বর দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে বাংলাদেশের ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়। তালিকাভুক্ত কেন্দ্রগুলো সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত এবং মালয়েশিয়ান প্রতিষ্ঠানের প্রয়োজনীয় নিরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্সের আবেদনের আগে আগ্রহী কর্মীদের এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক। স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে যেতে চাইলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও জানানো হয়েছে।

এর আগে রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। এ বছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন, তাঁদের মধ্যে এক হাজার জন থাকবেন জুলাই যোদ্ধা, যাঁদের সম্পূর্ণ সরকারি খরচে পাঠানো হবে। সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় এক লাখ ৫৪ হাজার টাকা।


















