ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার। তাঁর স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর ১৬৭৯৫) চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অন্যদিকে লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর ১৬১০৮) ওই দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি সরকারি অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। অনুষ্ঠানের ব্যানারে শহীদ জিয়ার ছবি না থাকা এবং বক্তব্যে বঙ্গবন্ধুর কথা উল্লেখ করায় আলোচনা-সমালোচনা হয়। ওই ঘটনার আট দিনের মাথায় জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলো।

তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে ৭ নভেম্বরের অনুষ্ঠান বা বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের সঙ্গে এ বদলি আদেশের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা প্রজ্ঞাপন থেকে নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন