পলাতক ফ্যাসিস্টরা প্রতিবেশী দেশের মদদ নিয়ে পেছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের মানুষ তাদের এ অপচেষ্টা সফল হতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে। এখন তারা প্রতিবেশী দেশের সহায়তায় সমাজে নৈরাজ্য সৃষ্টি করে গুম-খুনের রাজনীতির পথ ধরে আবার ক্ষমতায় ফিরতে চায়। তবে রক্তাক্ত পথে তাদের আর এগোতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশের মানুষ আর বাংলাদেশে দেখতে চায় না। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে সাধারণ মানুষ আবারও ফুঁসে উঠেছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও জানান বিএনপির এ নেতা।



















