ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:১৩ অপরাহ্ন

বিসিকের ঋণ পাচ্ছেন ৫১১ উদ্যোক্তা

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আজ সোমবার রাজধানীর বিসিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্পসচিব আব্দুন নাসের খান।

এ ঋণের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ৫১১ উদ্যোক্তার মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তা পাবেন ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং ২৭৬ জন নতুন উদ্যোক্তা পাবেন ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।

ঋণ পাওয়া উদ্যোক্তাদের মধ্যে ২৩২ জন নারী ও ২৭৯ জন পুরুষ। নারী উদ্যোক্তাদের জন্য ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষ উদ্যোক্তাদের জন্য ৭ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চার আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ঋণ বিতরণ করা হবে। ঢাকায় ১৮১ জন উদ্যোক্তাকে ৪ কোটি ৭৯ লাখ টাকা, চট্টগ্রামে ৮৯ জনকে ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, রাজশাহীতে ১১৮ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং খুলনায় ১২৩ জনকে ৩ কোটি ৭৩ লাখ টাকা দেওয়া হবে।

খাদ্য ও খাদ্যজাত, বস্ত্র ও বস্ত্রজাত, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেকট্রনিকস ও সেবাসহ মোট ১৪টি খাতে এ ঋণ দেওয়া হবে। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন এবং বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পাবেন।

বিসিক জানিয়েছে, আগামী পাঁচ বছরে এসব ঋণ কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা বিতরণ এবং প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন