যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়া এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণে অন্যের সহায়তা নেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অতিরিক্ত অর্থ ব্যয় না করার পরামর্শ দিয়েছে দূতাবাস। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। পোস্টে দূতাবাস বলেছে, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই আবেদনকারীদের নিজেরাই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুর সহায়তাও নেওয়া যেতে পারে। এ ছাড়া ভিসাসংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস। এর আগে ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়েও আবেদনকারীদের সতর্ক করে মার্কিন দূতাবাস। এক পোস্টে বলা হয়, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার শর্ত মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তার সন্দেহ থাকলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে। ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্বও আবেদনকারীর নিজের বলে উল্লেখ করেছে দূতাবাস।


















