২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় আরও তিন দিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।
সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে এ সময় বাড়ানো হয়েছে।
বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন সকালে ইংরেজি প্রথম পত্র এবং বিকেলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।



















