ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:১৩ অপরাহ্ন

দিনক্ষণ চূড়ান্ত, ২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ ও ভারত

প্রতি বছরই নারী বা পুরুষ ক্রিকেটে আইসিসির কোনো না কোনো আসর থাকেই। ২০৩৫ সাল পর্যন্ত পুরুষ ক্রিকেটের প্রধান সব টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত করেছে আইসিসি। আগেই জানা ছিল, ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। এবার জানা গেল তার দিনক্ষণও। সে বছরের ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে এই বিশ্ব আসরের। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় দীর্ঘমেয়াদি এই সূচি অনুমোদন করা হয়। এতে ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি নির্ধারণ করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের সময়ও। সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে টুর্নামেন্টটি। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড আয়োজন করবে ২০৩০ আসর। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক কারা হবে, সে সিদ্ধান্ত এখনো নেয়নি আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও প্রতি দুই বছর পর জুন মাসে আয়োজনের পরিকল্পনা করেছে সংস্থাটি। ২০৩৫ সাল পর্যন্ত এই সূচি কার্যকর থাকবে। এর মধ্যে ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। অন্যদিকে, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তার মতে, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে আগেভাগে পরিকল্পনা সাজানোর সুযোগ করে দেবে। একই সঙ্গে খেলোয়াড়দের উন্নয়ন, মানসম্মত কর্মসূচি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে শৃঙ্খলা আনতেও সহায়ক হবে এই উদ্যোগ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন