ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

হরমুজে মাইনে তিন ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে তিনটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লেগেছে বলে জানিয়েছে ইরান। শনিবার প্রণালির বিভিন্ন অংশে ঘটে যাওয়া এসব ঘটনার কথা রোববার ভোরে জানায় ইরানের নৌবাহিনী।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, অনুমোদন ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টার সময় দুটি ট্যাংকার মাইনে ধাক্কা খায়। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। নৌবাহিনীর ভাষ্য, জাহাজ দুটি তাদের নেভিগেশন ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে গোপনে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল।

আলাদা এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর নৌবাহিনী জানিয়েছে, প্রণালির পূর্বাংশে আরেকটি ট্যাংকারও মাইনে ধাক্কা খেয়ে আগুনের কবলে পড়ে। জাহাজটি নিষিদ্ধ ও অনিরাপদ বলে ঘোষিত এলাকায় চলছিল এবং আগের সতর্কবার্তা উপেক্ষা করে নিজের অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখেছিল বলে দাবি করা হয়েছে।

ইরানের নৌবাহিনী আরও জানিয়েছে, সতর্কবার্তা পাওয়ার পর আরও দুটি ট্যাংকার পথ বদলে পারস্য উপসাগরের দিকে ফিরে গেছে। নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী যেকোনো জাহাজের একই পরিণতি হবে বলেও সতর্ক করেছে তারা। তবে বিবৃতিতে জাহাজগুলোর পরিচয় বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি ও পণ্য পরিবহনের একটি কৌশলগত জলপথ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে প্রণালিটি এখন গুরুত্বপূর্ণ সংঘাতকেন্দ্র হয়ে উঠেছে। এর আগে শুক্রবার রাতেও একই প্রণালিতে দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার কথা জানিয়েছিল ইরান।

তবে ট্যাংকারে আগুন লাগার এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন