বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এবার ভৌতিক সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাদের ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য হরর সিনেমা নির্মাণ করছে, আর সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন বরুণ।
নাম এখনো চূড়ান্ত না হওয়া ছবিটির পরিচালনা করছেন ‘রকেট বয়েজ’-খ্যাত নির্মাতা অভয় পান্নু। চিত্রনাট্যও লিখেছেন তিনি। এর মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রেক্ষাগৃহের চলচ্চিত্রের পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।
ছবিটির মুক্তির তারিখও ঠিক হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের ৩১ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আগামী বছর থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ছবিটি নির্মিত হচ্ছে আদিত্য চোপড়ার তত্ত্বাবধানে। প্রযোজনার দায়িত্বে থাকছেন যশরাজ ফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা অক্ষয় বিধানি।
এত দিন প্রেম, অ্যাকশন, নাটকীয়তা, কমেডি ও থ্রিলারধর্মী সিনেমার জন্য পরিচিত ছিল যশরাজ ফিল্মস। এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে হরর ঘরানায় নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে প্রতিষ্ঠানটি।

বরুণের জন্যও এটি নতুন অভিজ্ঞতা। এর আগে ‘ভেড়িয়া’ সিনেমায় অতিপ্রাকৃত চরিত্রে দেখা গেলেও পূর্ণাঙ্গ ভৌতিক সিনেমায় এটাই তার প্রথম কাজ। যশরাজ ফিল্মসের সঙ্গে এটি বরুণের দ্বিতীয় কাজ; এর আগে ২০১৮ সালে ‘সুই ধাগা’ সিনেমায় প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করেছিলেন তিনি।
ছবির গল্প ও অন্যান্য অভিনয়শিল্পীর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। তবে মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় যশরাজের প্রথম হরর সিনেমাটিকে ঘিরে বলিউডে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। বরুণের আসন্ন কাজের মধ্যে ‘ভেড়িয়া ২’ সিনেমাটিও রয়েছে।


















