সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুথিদের দুটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা হয়েছে। রোববার সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানায়।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল দুটি প্রতিহত ও ধ্বংস করেছে। এর কিছুক্ষণ আগে রিয়াদে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে সৌদির সিভিল ডিফেন্স; পরে জানানো হয়, বিপদ কেটে গেছে।
এর আগের দিন ইয়েমেনে অবস্থানরত সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথিরা। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, ওই হামলায় কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন এবং অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে। তবে সৌদি আরব বিষয়টি নিশ্চিত করেনি।
গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে পূর্ণমাত্রার হামলা ও পাল্টা হামলা শুরু হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের কাছ থেকে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের অভিযান শুরু করার পর থেকে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। ইয়েমেনের সরকার জানায়, হুথিদের লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় সাড়ে সাতশ হামলা চালানো হয়েছে।



















