চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ আসামির বিরুদ্ধে আজ রোববার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল।
বর্তমানে গ্রেপ্তার রয়েছেন পাঁচ আসামি—চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। হাছান মাহমুদসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার ঘটনা আনা হয়েছে।



















