ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, বন্ধ ৭টি

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে রোববার সকালে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান। অনেক শ্রমিক দীর্ঘ সময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। কাজ হারানোর শঙ্কায় অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন ও করণীসহ সাতটি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো রয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে রতনপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত অক্টোবরের মাঝামাঝি থেকে পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন। শনিবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এ পর্যন্ত ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ লিখিত প্রস্তাব জমা দেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন