প্রবাসী পরিবারের সদস্য ও বিদেশফেরত শ্রমিকদের জন্য সহজ শর্তে ঋণের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষকে ব্যাংকঋণের আওতায় আনতে এক হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ।
এই তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেবে। একজন গ্রাহক এককভাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে; সে ক্ষেত্রে ২ থেকে ৫ সদস্যের দল গঠন করতে হবে এবং প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা পাবেন।
ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর বা ৬০ মাস। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কিস্তি পরিশোধে বিরতি পাওয়া যাবে। ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে এই ঋণ বিতরণ করা যাবে।
ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ভূমিহীন ও প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক ও তাঁদের পরিবার এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। তবে কোনো ঋণখেলাপি এই সুবিধা পাবেন না।



















