ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করার ছিল, তা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এখন ভারত কী করবে, সেটা তাদের বিষয়।
শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে আসবেন বলে জানান মন্ত্রী। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে যখন প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন।
আপিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের মামলায় আপিল বিভাগে আপিল করতে বিলম্ব মার্জনার কোনো আইনগত সুযোগ নেই। বিশেষ আইনে বিলম্ব মার্জনার সুযোগ রাখা হয়নি। এটি তাদেরই করা আইন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সংবিধানে ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের আনা সংশোধনীর ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।



















