ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

মোহনপুরের ওসি আতিকুর রহমান ও ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকু

রাজশাহীর মোহনপুর থানার ওসিকে ফোনে হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিট ২৯ সেকেন্ডের ওই কথোপকথনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকুকে ওসি আতিকুর রহমানকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’

শনিবার অডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

অডিওতে শোনা যায়, শুরুতে রুকু ফোন করে ওসির খোঁজখবর নেন। জবাবে ওসি জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন।

এরপর নিজেকে এলাকার পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে রুকু বলেন, ওসি সেখানে অতিথি হিসেবে চাকরি করতে এসেছেন, তাই তাকে অতিথির মর্যাদা দিতে চান তারা। তিনি বলেন, আজ মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে। এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরেও তাদের চাকরি করতে হবে।

রুকু আরও বলেন, ওসির কাছে তার অনুরোধ থাকবে—তিনি যেন তাদের কোনো নেতাকর্মীকে হয়রানি না করেন। জবাবে ওসি বলেন, হয়রানি করা হচ্ছে না; মোহনপুর ছোটখাটো এলাকা, এসব করে লাভ হবে না।

কথোপকথনের এক পর্যায়ে রুকু বলেন, শেখ হাসিনার আমলে পুলিশ যতটা নিরাপদে ছিল, এখন ততটা নিরাপত্তা পায় কি না, তা ওসির বিবেকের কাছে প্রশ্ন। তিনি পুলিশ হত্যার বিচার চান বলেও মন্তব্য করেন এবং সহযোগিতা চেয়ে বলেন, কোনো কর্মীকে অযথা হয়রানি করলে তাকে ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে এবং তিনি তাকে আবার মোহনপুর থানায় আনবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ওসি আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত আছে। বিভিন্ন স্থান থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার বর্তমানে ছুটিতে রয়েছেন; তিনি কর্মস্থলে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন