ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১:২৬ অপরাহ্ন

প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’ ও ‘সয়’

এক সপ্তাহ বিরতির পর প্রেক্ষাগৃহে ফিরেছে নতুন সিনেমা। শুক্রবার থেকে সারা দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে চলছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে তুরস্কের হরর সিনেমা ‘সয়’।

‘আনন্দ অশ্রু’তে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে দেখা যাবে ‘শিরি-ফরহাদ’ জুটির চরিত্রে। এটি সালমান শাহ ও শাবনূরের বিখ্যাত সিনেমার রিমেক বা সিক্যুয়াল নয়; একেবারেই নতুন ও মৌলিক এক ভালোবাসার গল্প। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে, শেষ হয় ২০২০ সালে। মুক্তির সময় ছবির নায়ক-নায়িকা দেশে নেই; তাঁরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

দেশীয় সিনেমার পাশাপাশি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ম্যাক্সিম আলেকজান্দ্রে পরিচালিত তুরস্কের হরর সিনেমা ‘সয়’। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য ও একটি রহস্যময় প্রাসাদকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। ৯৪ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ১৬ বছরের বেশি বয়সী দর্শকদের জন্য নির্মিত।

সিনেমাটি তুরস্কে মুক্তি পায় চলতি বছরের ৯ অক্টোবর। নিজ দেশে মুক্তির এক মাস পর বাংলাদেশে ১৩ নভেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে এটি। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, সম্প্রতি তুরস্কে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন