ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১:০৭ অপরাহ্ন

জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছিল

অতীতে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছিল বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে ফরেনসিক অডিটের খসড়া প্রতিবেদন পর্যালোচনা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিশেষজ্ঞদের পর্যালোচনায় দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৮ থেকে ১.১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটিতে অসংগতি চিহ্নিত হয়েছে। জরিপভিত্তিক তথ্যে এ ধরনের অতিমূল্যায়ন পাওয়া যায়নি; সেকেন্ডারি তথ্যসূত্র থেকে সংগৃহীত উপাত্তের ক্ষেত্রেই মূলত অতিমূল্যায়ন হয়েছে।

কমিটির প্রতিবেদনে ২০১০-১১ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দুই মেয়াদের জিডিপি প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ। পরের মেয়াদে, ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে, তা বেড়ে দাঁড়ায় ৭.৩৯ শতাংশে। অর্থাৎ দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান প্রায় ১.১২ শতাংশীয় পয়েন্ট। দ্বিতীয় মেয়াদে প্রবৃদ্ধির এ বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প থেকে।

প্রতিবেদনে শিল্প উৎপাদনের বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তৈরি পোশাক খাতের গড় প্রবৃদ্ধি প্রথম মেয়াদের ১৩.৫৫ শতাংশ থেকে দ্বিতীয় মেয়াদে কমে ৮.৬৯ শতাংশে নেমে আসে। অথচ উৎপাদনশিল্পের ২২টি উপখাতের মধ্যে ১৬টিতেই প্রবৃদ্ধি বেড়েছে। সিমেন্ট ও ইট উৎপাদনসংশ্লিষ্ট খাতের প্রবৃদ্ধি ২.৩২ শতাংশ থেকে বেড়ে ২৫.৬৭ শতাংশ দেখানো হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। প্রতিবেদনটি উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। চূড়ান্ত করার আগে অর্থনীতি সমিতি ও পরিসংখ্যান সমিতির বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে।

তিতুমীর বলেন, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়; অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়া জরুরি। তিনি বলেন, রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়। তিনি জানান, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে পিয়ার রিভিউয়ের মাধ্যমে কাজটি সম্পন্ন করেছেন।

বিশেষজ্ঞ কমিটির মতে, জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয়ের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে জাতীয় হিসাব প্রণয়ন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই, সংকলন ও প্রকাশের ক্ষেত্রে বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং স্বাধীনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন