ফেরির মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছেন ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এতে নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় দেড়শ যানবাহন।
গতকাল শুক্রবার সকালে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে বালুবোঝাই একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। ফেরিটি চাঁদপুরের হরিণা ঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের দিকে যাচ্ছিল।
সংঘর্ষে ফেরিতে থাকা ১১ বছর বয়সী শিশু তরিকুল ইসলামের মৃত্যু হয়। আহত আরও দুই শিশু চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার পর নৌ পুলিশ ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। চাঁদপুর সদর থানায় এ ঘটনায় মামলা হয়েছে; ফেরি ও বাল্কহেডসংশ্লিষ্ট চারজনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেরির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মাস্টারকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চালানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা। তবে জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্স পারাপার সচল রাখা হয়েছে।

ফেরি বন্ধ থাকায় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন চালকেরা।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে বাল্কহেডটি ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।


















