পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথভাবে একটি কাজ হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। সেই সিনেমায় একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেরা নায়কের সম্মাননা নেওয়ার পর শাকিব এ কথা জানান।
তবে কোন সিনেমা, কে পরিচালক, আর কোন অভিনেত্রী—এসবের কিছুই খোলাসা করেননি শাকিব। ফলে বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
গত অক্টোবরে নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এর ঘোষণার পর থেকেই পাকিস্তানি নায়িকা নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, এবার পাকিস্তানের অভিনেত্রী কিনজা হাশমির নাম। গত বছর এ নিয়ে জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের নামও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বিষয়টি গুঞ্জনই থেকে যায়।
আগামী বছরের দুই ঈদে শাকিবের দুটি সিনেমা আসছে। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় আর কোরবানির ঈদে হিমেল আশরাফের পরিচালনায় পর্দায় আসবেন তিনি। এ সপ্তাহেই হৃদয়ের সিনেমার ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে নাম ও বিস্তারিত জানানোর কথা রয়েছে।

‘মহব্বত’ পারিবারিক ও রোমান্টিক গল্পের সিনেমা। এর আগে হিমেলের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে ছিলেন বিদেশি নায়িকা।


















