শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর কারখানা কর্তৃপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধের নোটিশ দেয়। এ ছাড়া আরও পাঁচ থেকে ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে কয়েক দিন ধরে শিল্পাঞ্চলে অস্থিরতা চলছে। এর আগে গত কয়েক দিনেও অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল।
শনিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। কারখানাগুলোর সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে।
এদিকে কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না—এমন আশঙ্কার কথা জানিয়ে পোশাক মালিকদের সংগঠনের এক সহসভাপতি বলেছেন, অনির্দিষ্টকালের বন্ধ আরও অসন্তোষ বাড়াতে পারে। তিনি দ্রুত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন।



















