ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রলবোমার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এনসিপি নেতাদের অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে। দলের সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা ছোড়ে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং আরেকটি বাড়ির উঠানে এসে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। শেডে থাকা দুটি ছাগল পুড়ে মারা গেছে।

বাড়িতে থাকা পরিবারের সদস্যরা কমবেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন ওয়াহিদুজ্জামান। তবে নুসরাতের মা-বাবা ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকায় তাঁরা নিরাপদে আছেন। পরিবারের কেউ দগ্ধ হননি।

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

ওই বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেছেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন