দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরার আভাস দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ ভিন্ন এক লুকে নিজের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
প্রকাশিত ছবিতে জোভানকে তাঁর চিরাচরিত রূপের বাইরে অনেক বেশি পরিণত ও ব্যতিক্রমী এক অবতারে দেখা গেছে। ছবিটি দেখে দর্শক ও অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
গত কয়েক মাস ধরে নতুন কোনো কাজের খবর না থাকায় ভক্তরা তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন। জাকারিয়া সৌখিনের পরিচালনায় নির্মিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকটি ছিল তাঁর সর্বশেষ আলোচিত কাজ।
নতুন লুকের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। অনেকেই মন্তব্য করছেন, একই ধরনের চরিত্র ও লুকের বৃত্ত ভেঙে জোভান এবার ভিন্নধর্মী কোনো গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন।
তবে নতুন এই লুকটি কোন নাটক বা ওয়েব কনটেন্টের জন্য, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি জোভান। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন কাজের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ বিরতির পর প্রিয় অভিনেতাকে নতুন রূপে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অসংখ্য ভক্ত।



















