ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
পাঁচটি ইউনিটের মাধ্যমে এবার ভর্তি পরীক্ষা হবে। ইউনিটগুলো হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা ও আইবিএ।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর। আইবিএ ছাড়া বাকি পরীক্ষাগুলো বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে।
এবার চারটি ইউনিটের আবেদন ফি বাড়ানো হয়েছে। বিজ্ঞান, কলা-আইন-সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। চারুকলা ইউনিটের ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা হয়েছে। আইবিএ ইউনিটের ফি আগের মতোই ১ হাজার ৫০০ টাকা।
আবেদন করতে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের ন্যূনতম যোগ্যতা আগের মতোই রয়েছে। তবে বিভিন্ন বিভাগে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর ও উচ্চমাধ্যমিকের কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেড কমানো হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

আইবিএ ও চারুকলা ছাড়া অন্য তিন ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে হবে। ফি জমা দেওয়া যাবে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইনে কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।


















