ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

৫০০ শয্যার হাসপাতালে চারগুণ রোগী

৫০০ শয্যার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকছেন ১,৮০০ থেকে ২,০০০ রোগী। ধারণক্ষমতার প্রায় চারগুণ রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল এই হাসপাতালটি।

খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি গোপালগঞ্জ, পিরোজপুরসহ আশপাশের জেলা ও উপজেলা থেকে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিতে আসেন এখানে। বহির্বিভাগে প্রতিদিন আরও তিন থেকে চার হাজার মানুষ চিকিৎসা নেন।

১৯৮৯ সালে ২৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি ২০০৮ সালে ৫০০ শয্যায় উন্নীত হয়। ২০১৪ সালে এক হাজার শয্যায় উন্নীতের ঘোষণা এলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ২০২৩ সালে শয্যা দেড় হাজারে বাড়ানো ও নতুন ভবন নির্মাণের নির্দেশনা দেওয়া হলেও সেই প্রস্তাবের অগ্রগতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

শয্যার পাশাপাশি জনবল সংকটও প্রকট। অনুমোদিত ১,১১০ পদের বিপরীতে কর্মরত ৮৯৯ জন। চিকিৎসকের ৩১টি ও নার্সের ১৯টি পদ শূন্য। সবচেয়ে বড় ঘাটতি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের—২৩৯ পদের বিপরীতে কর্মরত মাত্র ৮৪ জন। কোনো কোনো ওয়ার্ডে ১০০ রোগীর বিপরীতে একজন নার্সকে সেবা দিতে হচ্ছে।

যন্ত্রপাতির সংকটও কম নয়। ছোট-বড় মিলিয়ে অন্তত ৩৮৬ ধরনের চিকিৎসাযন্ত্র অচল হয়ে পড়ে আছে। দুটি সিটি স্ক্যান যন্ত্রের একটি গত বছরের জুলাই থেকে অচল। নয়টি এক্স-রে যন্ত্রের মধ্যে তিনটি তিন বছর ধরে নষ্ট। আটটি আলট্রাসনোগ্রাম যন্ত্রের মধ্যে সচল মাত্র তিনটি।

ভোগান্তির কথা জানিয়েছেন রোগী ও স্বজনরা। জরুরি বিভাগ, সার্জারি ও প্রসূতি বিভাগে অপারেশনের সময় সেলাইয়ের সুতা, ইনজেকশনসহ নানা সামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের। সিজারিয়ান রোগীর স্বজন ও রিকশাচালক আবুল হোসেন জানান, স্ত্রীর অপারেশনের জন্য বাইরে থেকে ১৫ থেকে ১৬ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে তাঁকে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক অবশ্য ওষুধের সংকট নেই বলে দাবি করেছেন। তাঁর ভাষায়, ৫০০ শয্যার বিপরীতে তিনগুণের বেশি রোগী ভর্তি থাকায় সরবরাহ থাকা সত্ত্বেও ওষুধ দ্রুত শেষ হয়ে যায়। গত বছর পাঁচ কোটি ৩০ লাখ টাকার ওষুধ পাওয়া গেলেও চলতি বছর তা বেড়ে আট কোটি টাকার বেশি হয়েছে বলে জানান তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন