আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে আজ বুধবার ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট চলছে। দেশটির দুই বৃহত্তম শ্রমিক সংগঠনের ডাকে এই ধর্মঘট হচ্ছে ১৪ বছর পর প্রথমবারের মতো।
ধর্মঘটের কারণে দেশজুড়ে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটছে। বড় শহরগুলোতে গণপরিবহন সীমিত পরিসরে চলছে, কিছু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হচ্ছে। জরুরি সেবায় ন্যূনতম সেবা বহাল রাখা হয়েছে।
গত এক দশকে স্পেনে গড় ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে গড় মাসিক ভাড়া ১ হাজার ১৭৬ ইউরো, যেখানে একজন তরুণের গড় মাসিক বেতন ১ হাজার ১৯০ ইউরো। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, দেশে প্রয়োজনের তুলনায় সাড়ে সাত লাখ বাড়ি কম রয়েছে; ২০২৮ সাল নাগাদ এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
গত সেপ্টেম্বরে মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক নারীকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। ভাড়া বাড়ানোর পর বাড়ির মালিক তাঁকে উচ্ছেদ করে; পরে তিনি মারা যান। সেই ঘটনার পর আবাসনের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শ্রমিক সংগঠনগুলো ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের স্লোগান—মজুরি, আবাসন, মূল্য। সংগঠনগুলো বেতন বৃদ্ধি, ভাড়া নিয়ন্ত্রণ ও সরকারি আবাসন বাড়ানোর দাবি জানাচ্ছে। আগামী ২৯ নভেম্বর দেশে সাধারণ নির্বাচন; তার আগে আবাসন ইস্যু এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে।



















