দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেকোনো ধরনের ষড়যন্ত্র রাজপথে থেকেই মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় দলের সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা রুখতে দলীয় সংসদ সদস্যদের রাজপথে থাকার নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত সূত্রগুলো জানায়, দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
সভায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও ওঠে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সড়ক, বিদ্যুৎ ও রমজানের বাজার নিয়ন্ত্রণে মন্ত্রিসভাকে কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এদিকে অধিবেশনের প্রথম দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।


















