ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

কুমিল্লায় অগ্রণী ব্যাংকের ৯ কোটি ৭৬ লাখ টাকা ঋণ বিতরণ

কুমিল্লায় অগ্রণী ব্যাংকের এক টাউন হল সভায় ৯ কোটি ৭৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ৪৩ লাখ ২০ হাজার টাকার খেলাপি ঋণ নগদ আদায় করা হয়েছে।

শুক্রবার কুমিল্লার ঢুলিপাড়ার ফান টাউনে ব্যাংকের কুমিল্লা সার্কেলের বিশেষ টাউন হল সভা হয়। সভায় কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ বিভিন্ন প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ব্যাংকের ৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দীন। সভাপতিত্ব করেন সার্কেলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের কাছে ঋণ সুবিধা পৌঁছে দেওয়া, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। পরে তিনি সার্কেলের আওতাধীন বিভিন্ন অঞ্চল ও শাখার প্রধানদের সঙ্গে ব্যবসায়িক অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।

সভায় স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, গ্রাহক, অঞ্চলপ্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন