ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন

একনেকে উঠছে তিতাসে দুই কূপ খননে ৫৯২ কোটি টাকার প্রকল্প

দেশের গ্যাস উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৫৯২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। কূপ দুটি চালু হলে প্রতিদিন প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উপস্থাপন করা হয়। সভায় মোট ১৪টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রথম কূপটি থেকে এক বছরের মধ্যে গ্যাস উৎপাদন শুরু হতে পারে। আর দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন ৩ কোটি ঘনফুট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে ১০ বছরে কূপ দুটি থেকে মোট ১০ হাজার ৭৪ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। এই গ্যাসের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। পাশাপাশি কূপ দুটি থেকে ৬০ হাজার ব্যারেলের বেশি কনডেনসেট বা তরল পেট্রোলিয়াম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রকল্পের প্রকৌশলসংক্রান্ত কাজ ও রিগ ফাউন্ডেশন নির্মাণের দায়িত্ব তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে দেশি-বিদেশি পরামর্শকেরাও যুক্ত থাকবেন।

একই একনেক সভায় ঢাকা সেনানিবাসের মঈনুল রোডে কর্মকর্তাদের আবাসন এবং রাজধানীর ঝিগাতলায় সরকারি কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের বিষয়েও আলোচনা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ