তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গঠিত নতুন মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ তৈরির লক্ষ্যে এ সভা ডাকা হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সভায় বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন এবং তৈরি পোশাকশিল্পের মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়োগ দেয়।
ছয় সদস্যের এই বোর্ডে মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।

নতুন বোর্ডের প্রথম সভার মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে।


















