ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সাফে অংশ নিতে ভারতীয় দল এখন ঢাকায়

সাফ চ্যাম্পিয়নশিপে দশম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ঢাকায় পৌঁছেছে ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশে আসে নয়বারের চ্যাম্পিয়নরা। আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই প্রতিযোগিতা।

এবার ভারতের স্কোয়াডে প্রাধান্য পেয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা। কোচের দায়িত্বে রয়েছেন নওশাদ মুসা। একই সময়ে মূল জাতীয় দলের নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ থাকায় তরুণদের নিয়ে সাফে অংশ নিচ্ছে ভারত।

ঢাকায় পৌঁছে স্বাগতিক বাংলাদেশকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করেন নওশাদ। দুই প্রতিবেশী দেশকে ফাইনালে দেখার আশাও প্রকাশ করেন তিনি। তবে নিজেদের শিরোপা জয়ের লক্ষ্যও স্পষ্ট করেছেন ভারতীয় কোচ।

প্রতিযোগিতার জন্য ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডের মধ্যে প্রথম দফায় ১৮ জন ফুটবলার ঢাকায় এসেছেন। ইন্ডিয়ান সুপার লিগে ব্যস্ত থাকা কয়েকজন খেলোয়াড় পরে দলের সঙ্গে যোগ দেবেন।

সাফের ইতিহাসে সর্বোচ্চ নয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সর্বশেষ ২০২৩ সালের আসরে কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে জয় পায়নি তারা। ২০২৫ সালের মার্চে গোলশূন্য ড্রয়ের পর নভেম্বরে ঢাকায় ১-০ গোলে হেরেছিল ভারত।

আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) উদ্বোধনী দিনে বেলা সাড়ে তিনটায় পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। একই দিন রাত আটটায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ