রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে অর্থায়ন সুবিধা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের গঠিত ২ হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে অংশ নিতে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংক পিএলসি।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং (চলতি দায়িত্ব) ফারিহা হায়দার।
রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করেছে। এ উদ্যোগের ফলে খাতটিতে অর্থায়নের সুযোগ বাড়বে এবং দেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আইএফআইসি ব্যাংক জানিয়েছে, দেশজুড়ে বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং ও অর্থায়ন সেবা দিয়ে আসছে তারা। বাংলাদেশ ব্যাংকের এ প্রাক্-অর্থায়ন তহবিলে অংশগ্রহণের ফলে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বাড়বে। এতে দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা জোরদার হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।



















