ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

গ্রিডে বিপর্যয়: ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত রাজধানীর সচিবালয় ও তার আশেপাশের এলাকা, মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ, খিলগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ নেই।

তবে ঠিক কোন গ্রিডে বিপর্যয় ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি ডিপিডিসি। ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখনও জানা যায়নি। সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন। বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ