ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলে মন্তব্য করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী। সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সশরীরে উপস্থিত হয়ে তারা এই ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে তাদের আদালত অবমাননার মাত্রা বিবেচনা করে পরবর্তীতে আদেশের সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

অভিযুক্ত দুই আইনজীবী হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান তুষার এবং মোহাম্মদ হাসান চৌধুরী। তাদের এই আদালত অবমাননার মামলাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনাল-২-এর অন্যান্য দিনের বেশ কিছু মামলার শুনানি স্থগিতের পাশাপাশি সাধারণ আইনজীবীদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। এই রায়কে কেন্দ্র করে পরদিন (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আদালত অবমাননাকর পোস্ট দেন সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবী। তারা আইন পেশায় নিয়োজিত থেকে রায় নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষের মাঝে বিচার বিভাগ সম্পর্কে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালত অবমাননার অভিযোগ আনে।

পূর্বে গত ২৩ সেপ্টেম্বর এই অবমাননা আবেদনের শুনানির দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনালের একজন বিচারক অসুস্থ থাকায় শুনানি স্থগিত করা হয়। সেদিনও অভিযুক্ত দুই আইনজীবী হাজির হয়েছিলেন। অবশেষে সোমবার ট্রাইব্যুনাল-২ গঠন হওয়ার পর তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদত্ত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ