মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালির কাছে তেলবাহী ট্যাংকারে হামলা এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার ঘটনায় বাজারে উদ্বেগ আরও বেড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ১৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৮ দশমিক ৯২ ডলারে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার জানিয়েছে, তাদের নির্ধারিত পথ ব্যবহার না করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা তিনটি ট্যাংকারের চলাচল নৌমাইনের কারণে বাধাগ্রস্ত হয়েছে। বাহিনীটির দাবি, প্রণালির দক্ষিণ অংশে নিষিদ্ধ পথে চলাচলের চেষ্টা করায় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার সৌদি আরবের ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। এসব ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি পরিবহন ব্যয়েও। গোল্ডম্যান স্যাকসের মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেল পরিবহনের গড় ভাড়া ব্যারেলপ্রতি ২০ ডলারের বেশি হয়েছে। এক বছর আগে এই ব্যয় ছিল মাত্র ৩ ডলার। সাম্প্রতিক সময়ে ভাড়া কিছুটা কমলেও তা গত বছরের তুলনায় প্রায় সাত গুণ বেশি।



















