ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন

ফুটবলে নতুন প্রযুক্তি, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

ফুটবল মাঠে হলুদ বা লাল কার্ড দেখানোর দৃশ্য দীর্ঘদিনের পরিচিত। তবে সেই চেনা পদ্ধতিতে প্রযুক্তির ছোঁয়া দিতে উদ্যোগ নিয়েছে উরুগুয়ের একটি প্রতিষ্ঠান। কাগজের কার্ডের পরিবর্তে ডিজিটাল স্ক্রিনযুক্ত যন্ত্র ব্যবহারের পরীক্ষা চলছে দেশটির ঘরোয়া ফুটবলে।

গত বৃহস্পতিবার উরুগুয়ে কাপের ন্যাসিওনাল ও রেনতিস্তাসের ম্যাচে নতুন এই যন্ত্র ব্যবহার করেন রেফারি এদুয়ার্দো ভারেলা। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলে প্রযুক্তির এই নতুন প্রয়োগ নিয়ে শুরু হয় আলোচনা।

নতুন যন্ত্রটির উদ্দেশ্য শুধু কার্ড দেখানোর পদ্ধতি বদলানো নয়, বরং ম্যাচ পরিচালনার পর রেফারিদের প্রশাসনিক কাজও সহজ করা। বর্তমানে কোনো খেলোয়াড়কে সতর্ক করা বা মাঠ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার পর রেফারিকে সংশ্লিষ্ট তথ্য লিখে রাখতে হয়। পরে সেই তথ্য ডিজিটাল ব্যবস্থায় নথিভুক্ত করা হয়। নতুন ডিভাইসটি ম্যাচের ঘটনা ও সময় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করতে পারে। এতে আনুষ্ঠানিক প্রতিবেদন তৈরির সময় কমবে বলে আশা করছেন এর নির্মাতারা।

প্রকল্পটির পেছনে রয়েছে ‘রেফে’ নামের একটি প্রতিষ্ঠান। এর পরিচালক মাউরো সাকো জানিয়েছেন, ফুটবলের প্রশাসনিক ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য থেকেই এই উদ্যোগ। তিন বছরেরও বেশি সময় আগে ধারণাটির সূচনা হলেও এখন সেটি পরীক্ষামূলক ব্যবহারের পর্যায়ে পৌঁছেছে।

তবে নতুন প্রযুক্তির সামনে বাধাও রয়েছে। উজ্জ্বল সূর্যের আলোয় ডিজিটাল স্ক্রিনের রং স্পষ্টভাবে দেখা কঠিন হয়ে পড়ছে। মাঠের দর্শক ও টেলিভিশনে খেলা দেখা দর্শকদের কেউ কেউ সিদ্ধান্ত বুঝতেও সমস্যায় পড়েছেন। এ কারণে স্ক্রিনের দৃশ্যমানতা বাড়ানো এবং যন্ত্রটির চারপাশে এলইডি আলো যুক্ত করার মতো পরিবর্তন নিয়ে কাজ করছেন নির্মাতারা।

রেফারি ভারেলার মতে, নতুন পদ্ধতিতে প্রশাসনিক সুবিধা মিললেও প্রচলিত কার্ড দ্রুত উঁচিয়ে ধরার যে তাৎক্ষণিক প্রভাব, তা কিছুটা কমে যেতে পারে।

উদ্যোক্তাদের আশা, প্রয়োজনীয় উন্নয়ন শেষে প্রযুক্তিটি কনমেবল ও ফিফার স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি করবে। তবে এখনই বিশ্ব ফুটবলে প্রচলিত কার্ডের বিকল্প হয়ে উঠছে না এই ব্যবস্থা। আপাতত পরীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা ও সীমাবদ্ধতা যাচাই করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ