নিজস্ব প্রতিবেদক: পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ মোট আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার নবম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতে হাজির না হওয়ায় আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলকে পূর্বাচলে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়। ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এ অনিয়ম করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
শওকত আজিজ রাসেল আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি। অন্যদিকে আশফাক আজিজ রুবেল পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান।
দুদক ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি এ ঘটনায় মামলা করে। তদন্ত শেষে ২০১৮ সালের সেপ্টেম্বরে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তী সময়ে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।



















