পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে কিছু নিয়ামাবলী রয়েছে। সম্প্রতি কিছু কোম্পানি এসব নিয়ম পরিপালন না করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।
একই সাথে লভ্যাংশ সংক্রান্ত প্রস্তাব এজিএমে উপস্থাপনের পূর্বশর্ত হিসেবে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখার নির্দেশ দিয়েছে কমিশন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির ১০৩৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি সূত্র জানায়,কমিশনের বিদ্যমান ডিরেকটিভ অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানি কর্তৃক বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ লভ্যাংশ বিতরণের উদ্দেশ্যে বার্ষিক সাধারণ সভার অন্তত ১ দিন পূর্বেসংরক্ষিত পৃথক ব্যাংক হিসাবে (Separate Dividend Account) স্থানান্তর এবং উক্ত অর্থস্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক হতে প্রত্যয়নপত্র (Bank Certificate) সংগ্রহ করার বিধান রয়েছে।
প্রত্যয়নপত্রটি সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিব কর্তৃক সত্যায়িত করে বার্ষিক সাধারণ সভায় (AGM) উপস্থাপন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জসমূহে দাখিল করার বিধানও রয়েছে। কিন্তু, সম্প্রতি কিছু ক্ষেত্রে উল্লেখিত নির্দেশনার যথাযথ পরিপালনে ব্যত্যয় পরিলক্ষিত হয়েছে এবং অদ্যকার কমিশন সভায় এ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া, লভ্যাংশ সংক্রান্ত প্রস্তাব বার্ষিক সাধারণ সভায় উপস্থাপনের পূর্বশর্ত হিসেবে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ ও বার্ষিক সাধারণ সভায় উহা উপস্থাপন না করে লভ্যাংশ সংক্রান্ত কোনো প্রস্তাব বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা যাবে না মর্মে বিদ্যমান নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজনেস আই/


















