পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) পিএলসি ও শাইনপুকুর সিরামিকস পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন প্রস্তাবিত পর্ষদে সালমান এফ রহমানকে রাখা হয়নি।
বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনা করে বিএসইসির ১০৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৭ অক্টোবর) কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসের জন্য প্রস্তাবিত সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কোম্পানি দুটি সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করলে আগের দুটি আদেশ প্রত্যাহার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি সূত্র জানায়, শাইনপুকুর সিরামিকসের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত সাত সদস্যের পর্ষদে চেয়ারম্যান হিসেবে থাকবেন এএসএফ রহমান। পরিচালক হিসেবে থাকবেন ওসমান কায়সার (ওকে) চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কোয়ামরুন নাহার আহমেদ। এছাড়া করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী আরও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।
অন্যদিকে, বেক্সিমকো পিএলসির জন্যও সাত সদস্যের প্রস্তাবিত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান করা হয়েছে এএসএফ রহমানকে। ওকে চৌধুরীকে ব্যবস্থাপনা পরিচালক এবং ইকবাল আহমেদ ও আজমল কবিরকে পরিচালক হিসেবে রাখা হয়েছে। একই পর্ষদে পরিচালক হিসেবে থাকবেন কোয়ামরুন নাহার আহমেদ। এছাড়া শাহ মঞ্জুরুল হককে স্বতন্ত্র পরিচালক করা হয়েছে। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী আরও একজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

বিএসইসির অনুমোদিত নতুন পর্ষদে সালমান এফ রহমানের নাম না থাকায় বেক্সিমকো গ্রুপের একাধিক তালিকাভুক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে তার সরে যাওয়ার প্রক্রিয়া আরও এক ধাপ এগোল।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনে অনাপত্তি দেয় বিএসইসি। ওই কোম্পানির জন্য অনুমোদিত নতুন নয় সদস্যের পর্ষদেও সালমান এফ রহমানকে রাখা হয়নি। সেখানে উদ্যোক্তা পরিচালক হিসেবে এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদকে রাখা হয়। পাশাপাশি চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের একজন প্রতিনিধি এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে পর্ষদ গঠনের কাঠামো অনুমোদন করা হয়।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ পুনর্গঠনের বিষয়ে কোম্পানিটি বিএসইসিকে জানিয়েছিল, সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তার নাম বাদ দিয়ে নতুন পর্ষদ গঠনের অনুমোদন দেয় কমিশন।
এদিকে, বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসের নতুন পর্ষদ গঠনের সিদ্ধান্তের ক্ষেত্রে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসইসি। কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর চিঠির মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক দিক বিবেচনা করে নতুন পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন পর্ষদ অনুমোদনের পাশাপাশি আগের দুটি আদেশ প্রত্যাহারের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কোম্পানি দুটি সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সংশ্লিষ্ট আদেশ দুটি হলো—২০২৪ সালের ৩১ ডিসেম্বর জারি করা বিএসইসি/আইসিএ/সিজি/২০২৩/৬৬/পার্ট-১/৪৯৬ নম্বর আদেশ এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারি জারি করা বিএসইসি/আইসিএ/সিজি/২০২৩/৬৬/পার্ট-১/৩০ নম্বর আদেশ।
ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার বেক্সিমকো পিএলসি ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে কোম্পানি দুটির পরিচালনা কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।


















