ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

রাবি শিক্ষার্থীকে মারধর: চার রেলকর্মী বরখাস্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহী রেলওয়ে স্টেশনের চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া রেলকর্মী হলেন মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহানুর হোসেন।

দপ্তরাদেশে বলা হয়, রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা কমাড্যান্ট-এর কাছে দৈনিক হাজিরা দেবেন।

তবে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এর আগেও আন্দোলনের পর রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তা বাস্তবায়ন করেনি। আজও আন্দোলন থামাতে তড়িঘড়ি করে বরখাস্ত করা হয়েছে কি না, পরে আবার তাদের বহাল করা হবে কি না-এ নিয়ে আমাদের শঙ্কা আছে।

এসময় তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা, স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতিসহ সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাকসু ও হল সংসদ নেতাদের স্টেশনে অবস্থানের আহ্বানও জানান।

রবিবার (২০ সেপ্টেম্বল) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে চাচাকে নিতে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন।এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি নিয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। পরে তারা স্টেশন ঘেরাও করে ভাঙচুর করেন। একপর্যায়ে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ